ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশের একটি বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (৭ মে) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।
পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে শিবপুরে নিজ বাসায় সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ৩১ মে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা তদন্তভার গ্রহণ করে।
তদন্ত চলাকালে এর আগে একই মামলার আরেক আসামি মহসীনকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও তদন্তে প্রাপ্ত বিভিন্ন প্রমাণের ভিত্তিতে আরিফ সরকারের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় পিবিআই। পরে তার বিদেশে অবস্থানের তথ্য নিশ্চিত করে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।
পিবিআই জানায়, তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্যান্য আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে। এরপর পিবিআই ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম তাকে বুধবার (৬ মে) বাংলাদেশে নিয়ে আসে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে একই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।