logo

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে মঙ্গলবার (৩১ মার্চ)। 

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

তিনি জানান, বর্তমানে দেশে এক লাখ ৩৩ হাজার টন জ্বালানি তেল মজুত আছে।

এপ্রিলেও জ্বালানি তেল নিয়ে কোনো সংকট হবে না উল্লেখ করে মনির হোসেন বলেন, আগামী এপ্রিল মাসে দেশে আরও ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আসবে।

তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে। এ ছাড়া রাশিয়া থেকে পরিশোধিত ৬ লাখ টন জ্বালানি তেল আনতে সাংশন ওয়েভার দিতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে উত্তরের অপেক্ষা করছে সরকার।

অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুত করছেন উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুত করা ২ লাখ আট হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারী সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং তেল পাচারের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই অর্থ পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুততম সময়ে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে।