বিসিসির নতুন নির্বাহী পরিচালক কামরুজ্জামান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ মো. কামরুজ্জামান। বর্তমানে তিনি রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ শাখা কামরুজ্জামানকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বিসিসি’র ইডি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেন।
আবু সাঈদ মো. কামরুজ্জামান এর আগেও আইসিটি বিভাগে দায়িত্ব পালন করেছেন। আইসিটি বিভাগের তৎকালীন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (বর্তমান জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি) মহাপরিচালক ছিলেন তিনি। পরবর্তীতে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েও অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
অন্তর্বর্তী সরকারের সময় ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ কর্তৃক নিয়ম লঙ্ঘন করে কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার বিরোধিতা করে আলোচনায় এসেছিলেন কামরুজ্জামান। এজাজের নির্দেশনা মাফিক কাজ না করার ডিএনসিসি থেকে বদলি হতে হলেও জন প্রশাসনে প্রশংসিত হয়েছিলেন তিনি।