মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত করা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত আওয়ামী সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে হওয়া দুর্নীতির অভিযোগের ‘মসজিদওয়ারী’ তদন্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এই ঘোষণা দেন। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেন।
সংসদে প্রশ্ন তুলতে গিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, বিগত ১৬ বছরে মডেল মসজিদের নামে ১৩ কোটি টাকার বাজেট বাড়িয়ে ২১ কোটি টাকা করা হয়েছে। অথচ এত টাকা অপচয়ের পরও অনেক মসজিদ ভেঙে পড়ছে। আমার সেনবাগের মডেল মসজিদে প্রবেশ করা যায় না, উপর থেকে পানি পড়ে। তিনি এ বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানান।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘সেনবাগের যে অবস্থা আমার দুর্গাপুরের অবস্থা আরও ভয়াবহ। সামনে বিরাট বড় পুকুর, এর পেছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। মসজিদের সামনে বিরাট আকারে পুকুর থাকায় মানুষ নাম দিয়েছে দুর্গাপুরের তাজমহল। এটাতে প্রবেশ করতে ব্রিজ করতে হবে।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, তা গর্হিত কাজ।
তিনি আরও জানান, ১৩ কোটির প্রকল্প ব্যয় কীভাবে ২১ কোটিতে গেল, তা প্রতিটি মসজিদ ধরে ধরে আলাদাভাবে তদন্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে এবং প্রয়োজনে এতে সরকারের অন্যান্য সংস্থাকেও যুক্ত করা হবে।




