logo

নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: বাসস

বাংলাদেশ আর বিদেশি সহায়তার ওপর নির্ভর করে নয়, বরং নিজের পায়ে দাঁড়াতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে বাংলাদেশ দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতার যুগ শেষ হয়েছে। বাংলাদেশ আর সহায়তার ওপর নির্ভর করে এগোতে চায় না। বরং নিজস্ব সক্ষমতার ওপর দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগের ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তুলতে চায়।

বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদার হতে চায় বলে জানান তিনি।

গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে জাপান স্বচ্ছতা, জবাবদিহি ও টেকসই পার্টনারশিপের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও বিভিন্ন নীতিনির্ধারণী এজেন্ডা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগ্রহ তৈরি হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান হুমায়ুন কবির।

প্রথম দিনের কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। এদিন টোকিওতে নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যান্যরা।

এ ছাড়া নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা নৈশভোজে অংশ নেন।