Advertisement

সরানো হলো বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে

এশিয়া পোস্ট প্রতিবেদক
সরানো হলো বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে
বোসরা ইসলাম। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (পিআরও) পদ থেকে বোসরা ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. মহিউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমানের পার্সোনেল শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। পার্সোনেল শাখার ব্যবস্থাপক উম্মে কুলসুম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বোসরা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দপ্তরে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক সূত্র জানায়, বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকে তথ্য সরবরাহ ও সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনায় বোসরা ইসলামের ভূমিকা নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠে। বিশেষ করে ইতালির রোমে বিমানের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকার ঘটনায় জনসংযোগ বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইট। জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়।

দীর্ঘ সময় যাত্রীদের উড়োজাহাজের ভেতরে অবস্থান করতে হয়। পরে তাদের বিমানবন্দরের ভেতরে নেওয়া হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় অধিকাংশ যাত্রীকে বিমানবন্দরেই অবস্থান করতে হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংকট মোকাবিলা ও তথ্য ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে। এর ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবা ও সংকটকালীন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার ভাষ্য, ওই ঘটনার সময় যাত্রী ও গণমাধ্যমকে তথ্য দেওয়ার ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তদন্ত প্রতিবেদন বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বিমানের আরও কিছু তদন্ত-সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগও বোসরা ইসলামের বিরুদ্ধে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। এর মধ্যে শামীমা পারভিন ও শাহজাহান নামে এক দম্পতির বিরুদ্ধে ওঠা অনিয়ম ও মানবপাচারের অভিযোগের তদন্তসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, ওই বিষয়ে গণমাধ্যমে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে বোসরা ইসলামের ভূমিকা নিয়ে অভ্যন্তরীণভাবে আপত্তি ছিল।