বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্লু ইকোনমিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

বাংলাদেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, সমুদ্রভিত্তিক বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয়, দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান ও গবেষকদের পরামর্শ এবং একটি সমন্বিত জাতীয় নীতিকাঠামো প্রণয়ন জরুরি।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর উত্তরার সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির দোয়েল সেমিনার হলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ব্লু ইকোনমি গভর্ন্যান্স বিষয়ক জাতীয় স্টেকহোল্ডার পরামর্শ সভা’ শীর্ষক নীতি সংলাপ ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘ব্লু ইকোনমি থিংক ট্যাংক’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস. এম. শামীম রেজা।
বক্তারা বলেন, সমুদ্র প্রাকৃতিক সম্পদের এক বিশাল ভাণ্ডার। এসব সম্পদের টেকসই আহরণ ও ব্যবস্থাপনার জন্য সরকারকে সময়োপযোগী উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় একটি সুস্পষ্ট জাতীয় রূপরেখা ও আইনি কাঠামো প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার, সংশ্লিষ্ট জাতীয় অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং ব্লু ইকোনমি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও গবেষকদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই উন্নয়নের নতুন ক্ষেত্র হিসেবে ব্লু ইকোনমিকে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বক্তারা। তাদের মতে, নীতিনির্ধারণী পর্যায়ে ব্লু ইকোনমিকে সর্বোচ্চ গুরুত্ব না দিলে এ খাতের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়।
সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) জীবন কৃষ্ণ সাহা রায়, প্রাইম ব্যাংকের ডেপুটি হেড অব সাসটেইনেবল ফাইন্যান্স ফারেবা নাজ শাওলে, এক্সিকিউটিভ অফিসার শারমিন আক্তার শেতু, সিমেক গ্রুপের নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াসমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রতন কুমার রায়, পোর্ট সিটি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মো. নুরুল আমিন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নূর-উন-নাহার উইলি, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ২০২৪-এর অ্যালামনাই এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।
‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস—ড্রাইভিং চেঞ্জ: অ্যালামনাই গ্র্যান্টস ফর ইনোভেশন’ কর্মসূচির আওতায় ব্লু ইকোনমি বিষয়ে জ্ঞান বিনিময় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়।





