সাহাবুদ্দিন-এস আলমের বিরুদ্ধে অভিযোগকারী সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছিল। অভিযোগকারী সেই ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুদকে এই অভিযোগ করা হয়েছিল। একদিন পর মঙ্গলবার (১১ আগস্ট) ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।
ব্যাংকটির এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। এর মধ্যেই তাকে বরখাস্ত করা হয়।
তবে ইয়াসিন আলী দাবি করেছেন, শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ীই তিনি দুদকে অভিযোগটি জমা দিয়েছেন। তাকে কেন বরখাস্ত করা হয়েছে এবং এর শর্ত কী এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
অন্যদিকে দুদকের এক কর্মকর্তা জানান, কমিশন গঠিত না হওয়া পর্যন্ত এসব অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ নেই। কমিশন গঠনের পর অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে।
ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, ব্যাংকের পক্ষ থেকে সরাসরি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করার কোনো বিধান নেই। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংক কোনো মামলা করতে চাইলে তা আদালতের মাধ্যমেই করা হয়ে থাকে।
.png)


