১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার। এর আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী ছয় মাস (আগস্ট-নভেম্বর ও মার্চ এবং এপ্রিল) পর্যন্ত ১৫ কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন।
সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগীকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগস্ট-নভেম্বর এবং মার্চ এবং এপ্রিল—এই ছয় মাস চাল বিতরণ করা হবে।
দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এ কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফাইড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র—দোকান ও ট্রাকের মাধ্যমে—ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণও অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২ আগস্ট খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন (চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধানকে চালে রূপান্তর করা হয়েছে)।
