logo
Advertisement

নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতে দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতে দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন না হলে নেতৃত্বের পর্যায়ে নারীর সমান ও টেকসই অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

Advertisement

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ এবং গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন না হওয়া পর্যন্ত নেতৃত্বের জায়গায় নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। বড় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং দলীয় নীতিতে সংস্কার প্রয়োজন।

শামা ওবায়েদ আরও বলেন, জেলা ও উপজেলা কমিটিগুলোতে ৩০ থেকে ৩৫ শতাংশ নারীর উপস্থিতি নিশ্চিত করা না গেলে মূল জায়গায় পরিবর্তন আসবে না। যত বেশি নারী শিক্ষিত হবে, তত বেশি তারা স্বনির্ভর হবে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। এ ক্ষেত্রে সরকার নারীদের শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে।

সংলাপে বক্তারা বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিসহ নানা ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ থাকলেও নীতিনির্ধারণী ও শীর্ষ নেতৃত্বের পর্যায়ে তাদের উপস্থিতি এখনও নগণ্য। তরুণ ও নারী নেতৃত্বের জন্য জায়গা তৈরির প্রাথমিক দায়িত্ব বড় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ে নারী নেতৃত্ব কতখানি বিকশিত হয়েছে, তার ওপর ভিত্তি করেই একটি দেশের সভ্যতার মানদণ্ড নির্ধারণ করা যায়।

অনুষ্ঠানে নারীর প্রতি সাইবার বুলিং ও হয়রানির বিরুদ্ধেও রাজনৈতিক দলগুলোকে পাশে থাকার আহ্বান জানান বক্তারা।