শেখ হাসিনার রেখে যাওয়া ৩ মন্ত্র জানালেন আসিফ নজরুল

শেখ হাসিনার রাজনীতি এবং তার রেখে যাওয়া রাজনীতির মূলমন্ত্র নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৮ মার্চ) দুপুরে ২টা ২২ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনা দেশে নেই বহুদিন। কিন্তু সত্যিই কি নেই? আমার মনে হয় তিনি আছেন। শারীরিকভাবে নেই, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে। তার রাজনীতির কিছু মূলমন্ত্র ধারণ করে আছে তার পতনের আন্দোলনের মানুষদেরও কেউ কেউ।
কি ছিল তার রাজনীতি?
এক: মালিকানার রাজনীতি। তিনি মুক্তিযুদ্ধের মালিকানার রাজনীতি করতেন। তিনি আর তার অনুগতরাই কেবল যুদ্ধটা করেছেন, বাকী কেউ না। তাই তার পক্ষে থাকা মানে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, তার বিরোধিতা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যে কাজ পক্ষের মানুষের জন্য জায়েজ, তা অন্যের জন্য শাস্তিযোগ্য। জুলাইকে কেন্দ্র করে আছে এই রাজনীতি আছে কিছু মানুষের মধ্যে।
দুই: ট্যাগ দেওয়ার রাজনীতি। কথায় কথায় রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, পাকিস্তানপন্থী ছিল তার রাজনীতির অন্যতম হলমার্ক। এসব ট্যাগ বদলিয়েছে, কিন্তু এর রাজনীতিটা রয়ে গেছে। এখন চলছে যত্রতত্র ফ্যাসিস্ট এর দোসর, ভারতের দালাল, জুলাই গাদ্দার এসব ট্যাগ দেওয়ার রাজনীতি। বছরের পর বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত কেউ এই ট্যাগ পাচ্ছেন ২০২৪ সালের জুলাই-এর আগ পর্যন্ত আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মীর কাছে।
তিন: ভিকটিমহুডের রাজনীতি। ভিকটিম ছিলাম বলে শিকারি হয়ে যাওয়ার অধিকারবোধ ছিল শেখ হাসিনার আরেক রাজনীতি। এই রাজনীতিও টিকে আছে বহাল তবিয়তে।
ফেসবুক পোস্টের শেষে আসিফ নজরুল লিখেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে, আমরা শুধু শেখ হাসিনার শাসন অবসানের আন্দোলন করেছি। কিন্তু তার রাজনীতির অনেকটা নিজের ভেতর রেখে দিয়েছি।