বিরোধীদলীয় নেতার আসনে উন্নয়ন ও জনসেবা নিশ্চিতে সমন্বয় সভা

এশিয়া পোস্ট ডেস্ক
বিরোধীদলীয় নেতার আসনে উন্নয়ন ও জনসেবা নিশ্চিতে সমন্বয় সভা
বিরোধীদলীয় নেতার আসনে উন্নয়ন ও জনসেবা নিশ্চিতে সমন্বয় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী ঢাকা-১৫ নির্বাচনী এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধান বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সংসদ ভবনে তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) আয়োজিত আলোচনা সভায় এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের সংস্কার ও পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মহা ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, ডেসকোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার রাশিদুর রহমান প্রমুখ।