সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনা

সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
বুধবার (১৯ আগস্ট) সকালে সিঙ্গাপুর হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ।
বৈঠকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো, শ্রমবাজার সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বৃদ্ধি, কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে শ্রম অভিবাসন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।



