শিক্ষার্থীকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, সেই ছাত্র-শিক্ষক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
শিক্ষার্থীকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, সেই ছাত্র-শিক্ষক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়নের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার এক শিক্ষক ও ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মো. বাচ্চু মিয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্র মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

ঘটনাটি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শনিবার দেবীদ্বার থানায় মো. বাচ্চু মিয়া এবং ছাত্র মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর শনিবার রাতেই পুলিশ অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করে।

ঘটনাটি নিয়ে শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।