‘বিচার ব্যবস্থা কঠোর না হলে চোরেরা পার পেয়ে যাবে’

এশিয়া পোস্ট ডেস্ক
‘বিচার ব্যবস্থা কঠোর না হলে চোরেরা পার পেয়ে যাবে’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি গভীরভাবে শিকড় গেড়েছে এবং বিচার ব্যবস্থা শক্তিশালী না হলে দুর্নীতিবাজরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাবে। তিনি বলেন, দায়িত্ব পালনকালে একজন সচিবকে নিজ হাতে ঘুষ নিতে দেখেছেন, যা প্রশাসনের দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে।

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বদিউর রহমান বলেন, প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে বড় অঙ্কের অর্থের বরাদ্দ থাকায় সেখানে দুর্নীতির সুযোগও বেশি। তবে বর্তমানে নিয়ন্ত্রক মন্ত্রণালয়গুলোতেও বদলি ও পদায়নকে কেন্দ্র করে প্রকাশ্যে দরকষাকষি হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে তিনি নিজে একজন সচিবকে ঘুষ লেনদেনে জড়িত থাকতে দেখেছেন।

বদিউর রহমান বলেন, পদায়নের আগেই অর্থের পরিমাণ নির্ধারণ হয়ে যায়, যা প্রশাসনের চেইন অব কমান্ডকে দুর্বল করে দিচ্ছে। ওয়ান ইলেভেনের আগে ও পরে হাওয়া ভবন বা তৎকালীন ক্ষমতাকেন্দ্রগুলোকে ঘিরে যে লুটপাট চলত, তার রেশ এখনো রয়েছে। প্রশাসনকে এই পরিস্থিতি থেকে মুক্ত করতে না পারলে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বদিউর রহমান আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি গভীরভাবে বিস্তার করছে এবং এটি নির্মূল করা বড় চ্যালেঞ্জ। দুর্নীতিবাজ কর্মকর্তাদের সামাজিকভাবে বর্জন না করলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না।

তিনি বলেন, বিচার ব্যবস্থা শক্তিশালী না হলে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসবে। পাশাপাশি সিভিল সার্ভিসে যোগ দেওয়া নতুন কর্মকর্তাদের শুরু থেকেই সততা ও জবাবদিহিতার আদর্শে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।