logo

রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ মন্ত্রীর

রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ মন্ত্রীর

বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে চায় না সরকার। এজন্য রেল ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজাধানীর আব্দুল গণি রোডে অবস্থিত রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় রেলওয়ের লোকসান কমিয়ে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি রেলকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রেলের উন্নয়ন ও রেল যাত্রীসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে। 

টিকিট কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন ও যাত্রীসেবার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে তিনি মতবিনিময় সভায় জানান। 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনি ইশতেহারের বাস্তবায়নযোগ্য একটি কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা প্রদান করেন। 

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন যাত্রার সময় কীভাবে কমিয়ে আনা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে খুঁজে করতে বলেন এবং সে অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন বলে জানান।