বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের এক সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে রাষ্ট্রদূতের সৌজন্যে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নেন মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাজমুল হাসান।
এ সময় ইঞ্জিনিয়ার নাজমুল হাসান মেগাসানের পক্ষ থেকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বাণিজ্য উইং কর্মকর্তা বিল্লাল বেলার্থ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, নতুন শিল্প বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং চিকিৎসা খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।




