logo

১৫ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

১৫ এপ্রিল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১৫ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার এ মুলতবি ঘোষণা করেন। এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। এগুলোর মধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।

আজকের পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এদিকে এদিন বিশেষ কমিটির সুপারিশের পরও জুলাই স্মৃতি জাদুঘর বিলে সংশোধনী আনার অভিযোগ ‍তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট।

বিরোধী দলের অভিযোগ, সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ নিয়ে যে সমঝোতায় পৌঁছেছিল, সরকার তা ‘মানেনি’। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল হুবহু পাসের সুপারিশ থাকার পরও অধিবেশনে ৮ ধারায় তিনটি সংশোধনী এনে তা সংশোধিত আকারে পাস করা হয়।

শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন। সে সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘নিরপেক্ষতা হারিয়েছেন’ বলেও অভিযোগ করেন।