রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, কারণ জানা গেল

জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৪৯টি ভোটের মধ্যে ছয়জন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।
এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯ জন। এর মধ্যে বৈধ ভোট ৩৪৩টি, অব্যবহৃত ব্যালট ৬টি। বিভিন্ন ত্রুটির কারণে আইনের মধ্যে থেকে ৪টি ব্যালট রিপ্লেস করা হয়েছে। নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। এ সময় সিইসি হিসেবে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।
তিনি জানান, মোট ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহার হয়েছে। ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল। ব্যবহৃত ব্যালটের সবগুলোই বৈধ ছিল।
ছয়জন এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। এর মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা ও কিশোরগঞ্জ-৩ আসনের ওসমান ফারুক। এর মধ্যে মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা অসুস্থ থাকায় ভোট দিতে পারেননি।
আর জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি।
তাদের মধ্যে আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে তার দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের প্রথম আলোকে জানিয়েছেন। জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি।
ভোট না দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।
ভোট চলাকালে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটদানে বিরত থাকবেন। কারণ হিসেবে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় এই নির্বাচনে ভোট দেবে না ইসলামী আন্দোলন। তবে পরে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য ভোট দিয়েছেন বলে জানা গেছে।
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করার পর সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে হাত মেলান নবনির্বাচিত রাষ্ট্রপতি।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে অভিনন্দন জানান। অন্য সংসদ সদস্যরাও মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।
নির্বাচনের পরদিন শুক্রবার (২১ আগস্ট) নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।



