logo
Advertisement

আড়ংয়ের ব্যাগের টাকা কী কাজে লাগানো হয়, জানালেন আসিফ সালেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
আড়ংয়ের ব্যাগের টাকা কী কাজে লাগানো হয়, জানালেন আসিফ সালেহ

আড়ংয়ের শপিং ব্যাগের মূল্য নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের প্রেক্ষিতে মুখ খুলেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি জানান, আড়ংয়ের ব্যাগের জন্য নেওয়া এই অর্থ মূলত পরিবেশবান্ধব কাজে এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যয় করা হয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এর যৌক্তিকতা তুলে ধরেছেন আসিফ সালেহ।

এর আগে শনিবার (১৪ মার্চ) সংসদ সদস্য রুমিন ফারহানার মূল্য চাওয়ায় ব্যাগ ছাড়াই আড়ংয়ের পণ্য কিনে ফেরার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়।

আসিফ সালেহ লিখেছেন, বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসলে ১৫ টাকা ডিসকাউন্ট পাবেন। না আনলে ব্যাগ কিনবেন ১৫ টাকা দিয়ে। আর এই ১৫ টাকা যাবে নতুন গাছ লাগানোর পেছনে। পুরোনো জিনিস রিইউজকে উৎসাহিত করা ও নতুন ব্যাগ ব্যবহার নিরুৎসাহিত করার জন্য এই ব্যবস্থা।

তিনি লিখেছেন, এর কারণ পৃথিবীর প্রতি তিনটা গাছের একটি কাটা হয় পেপার তৈরির জন্য। প্রতি বছর তিন বিলিয়ন গাছ কাটা পড়ে পৃথিবীতে এই কারণে।

আসিফ সালেহ লিখেছেন, পরিবেশের জন্য বড় বড় কথা বলব, এই শহরে নিশ্বাস নিতে পারছি না বলে হা হুতাশ করব। কিন্ত এই সিম্পল জিনিসটা বুঝার চেষ্টা করব না বা এই সামান্য অভ্যাস পরিবর্তনটা করতে চাইব না। আর এই জন্য সেলস স্টাফের সঙ্গে কেউ কেউ অকথ্য দুর্ব্যবহার করবে। এ কেমন হিসাব?