ঢাকার দুটিসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর–দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া সবাই বিএনপির নেতা।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে, জামায়াতের আমির শফিকুর রহমানের কাছে হারেন তিনি।
শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম। তিনি এক সময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
আব্দুস সালাম ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব ছিলেন। পরে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে বিভক্ত হয়ে যায়। তিনি এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। আব্দুস সালাম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদেও রয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি।
২০১৩ সালে সিটি করপোরেশন গঠনের আগ পর্যন্ত শওকত হোসেন টানা ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এরপর তিনি গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সহসাংগঠনিক ও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।
সিলেট সিটি করপোরেশন
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আব্দুল কাইয়ুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে, দলীয় মনোনয়ন পাননি। পরে সিলেট বিভাগের ছয়টি আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।
আব্দুল কাইয়ুম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ–সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
খুলনা সিটি করপোরেশন
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ১৬ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। তবে তিনি জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান।
তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন তিনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশন পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগকৃত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।