logo

বিনা অনুমতিতে আর এস ফাহিমের শুটিং, যা জানালেন চিড়িয়াখানা পরিচালক

বিনা অনুমতিতে আর এস ফাহিমের শুটিং, যা জানালেন চিড়িয়াখানা পরিচালক

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা প্রতি রোববার সাপ্তাহিক বন্ধ থাকে। ছুটির দিনে কাউকে চিড়িয়াখানায় প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম বিনা অনুমতিতে চিড়িয়াখানায় প্রবেশ করে শুটিং করছিলেন। পরে ‘স্থানীয় জনতা’ তাকে আটক করে পুলিশ দেয়। 

জানা গেছে, রোববার দুপুরে একটি দল নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করেন ফাহিম। তারা চিড়িয়াখানার ভেতরে শুটিং করছিলেন। পরে চিড়িয়াখানার সামনে উত্তেজিত ‘জনতা’ তাকে ঘিরে ধরলে পরিস্থিতির অবনতি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ফাহিমের বিরুদ্ধে জুলাই মাসে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তথ্য আমরা পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

 

এ বিষয়ে চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম বলেন, রোববার চিড়িয়াখানায় শুধুমাত্র খাবার সরবরাহকারী ঠিকাদারের একটি গাড়ি প্রবেশ করেছে। এর বাহিরে কোন গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কাউকে শুটিং করারও অনুমতি দেইনি। এর বাইরে চিড়িয়াখানায় কীভাবে শুটিং হয়েছে, বা কিভাবে প্রবেশ করেছে জানতে পারিনি।

তিনি আরও বলেন, আর এস ফাহিমকে চিড়িয়াখানায় প্রবেশ করাতে কারা সহযোগিতা করেছে সে বিষয় তদন্ত করা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরার পর থেকেই আর এস ফাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন একাধিক ব্যক্তি ও সংগঠন। এ পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের দাবিতে অনলাইনে সরব হয়ে ওঠে একটি অংশ।