দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়নকে গতিশীল করে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়নকে গতিশীল করে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: এশিয়া পোস্ট

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা দেশের উন্নয়নকে আরও গতিশীল ও কার্যকর করে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই সাংবাদিকরা সরকারের ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরলে তা সংশোধন করে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন জেলা হিসেবে বগুড়া উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। তবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই ঘাটতি পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন অভিভাবক হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন তিনি।

নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নীতিনির্ধারণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাকে সহায়তা করছে।

তিনি আরও জানান, জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি রূপসী বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে কৃষি, পুষ্টি এবং মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে কাজ করেছেন। তবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত এড়াতে প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দায়িত্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।

বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।