logo

ঈদে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

ঈদে লঞ্চে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: নৌ প্রতিমন্ত্রী

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই ঈদযাত্রা ঘিরে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় বা যাত্রী হয়রানির সুযোগ দেওয়া হবে না। বরং বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়ায় যাত্রী পরিবহনের বিষয়টি নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে দেশের নদী বন্দরগুলোকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্দর এলাকায় হকারদের অনিয়ন্ত্রিত উপস্থিতি এবং অসাধু চক্রের তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে কোনো অনুপ্রবেশকারী বা দুর্বৃত্ত বন্দর এলাকায় প্রবেশ করে যাত্রীদের চুরি-ছিনতাই বা হয়রানির শিকার করতে না পারে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর সদরঘাটে অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ব্যবস্থার চিন্তা-ভাবনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও মধ্য ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীরা সহজেই নৌপথ ব্যবহার করতে পারবেন। বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকরা এতে বেশি সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নৌপথে চলাচল স্বাভাবিক রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় ড্রেজিং প্রয়োজন, সেখানে দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে। সরকারের ড্রেজার প্রস্তুত রয়েছে এবং কোথাও নাব্যতা সংকট দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, যাতে লঞ্চ চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

ড্যাবের শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম ও অধ্যাপক ডা. কে এম মুজিবুল হক দোয়েল।

ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।