logo
Advertisement

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনরা। ছবি: গণমাধ্যম

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৮ জন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু ও এক হাজার ৫৫৮ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭ জন। অন্যদিকে মোট শনাক্তের সংখ্যা ৪২ হাজার ৫৯০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৩ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। দুই সিটির আওতাধীন এলাকার বাইরে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন।

ঢাকার বাইরে খুলনা বিভাগে ৩৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহে ৮৪ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর অফিশিয়াল তথ্য সংরক্ষণ শুরু হয়।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সর্বকালের ভয়াবহ প্রাদুর্ভাব ঘটেছিল; সে বছর সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এরপর ২০২৪ সালেও ৪ শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি প্রায় ১ লাখ ২ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নেন।

এ ধারাবাহিকতায় চলতি বছরেও ডেঙ্গুর উর্ধ্বমুখী সংক্রমণ স্বাস্থ্য বিভাগের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করছে।