কবে থেকে কার্যকর হবে ৯ম পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এলো বছরের সবচেয়ে বড় সুখবর। মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করেছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে নতুন এক নম্বর ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়।
১ জুলাই থেকেই কার্যকর ও বেতন বৃদ্ধির পরিমাণ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত নতুন বেতন কাঠামো অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর হবে। তবে সরকারি বাজেটের ভারসাম্য রক্ষায় এই সুবিধা ধাপে ধাপে বকেয়াসহ পরিশোধ করা হবে।
সর্বশেষ ২০১৫ সালের অষ্টম পে-স্কেল অনুযায়ী সর্বোচ্চ মূল বেতন (প্রথম গ্রেড) ছিল ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন (২০তম গ্রেড) ছিল আট হাজার ২৫০ টাকা। তবে নতুন অনুমোদন পাওয়া নবম পে-স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের গড় মূল বেতন ১০০ শতাংশের বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন প্রকাশের সময়সূচি
মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এখন সরকারি চাকরিজীবীদের দৃষ্টি প্রজ্ঞাপনের দিকে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদন পাওয়ার পর নতুন বেতন কাঠামোর সরকারি গেজেট ও প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শুরু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই প্রজ্ঞাপন জারি হতে পারে।
অষ্টম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। বাস্তবায়ন তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে যার প্রধান করা হয়।



