Advertisement

গুম হওয়া ছাত্রদল নেতার ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

এশিয়া পোস্ট প্রতিবেদক
গুম হওয়া ছাত্রদল নেতার ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মো. সাদমান শিহাবের কাছে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিচ্ছেন প্রতিনিধিদল। সোমবার বাংলাবাজার এলাকায় শিহাবের বাসায়। ছবি: সংগৃহীত

২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে প্রধানমন্ত্রী শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আতিকুর রহমান রুমনের সমন্বয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসায় যান। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ সভাপতি ফারজানা রিমি প্রমুখ।

২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে খালেদ হাসান সোহেলকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।