চট্টগ্রামে পৌঁছেছে জ্বালানিবাহী ৩ জাহাজ, পথে আরও দুটি

দেশের জ্বালানি চাহিদা মেটাতে একদিনে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে তিনটি বড় জাহাজ। এর মধ্যে একটিতে ডিজেল এবং বাকি দুটিতে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানি করা হয়েছে। এ ছাড়া আগামী চার দিনের মধ্যে এলএনজিবাহী আরও দুটি জাহাজ বন্দরে ভেড়ার কথা রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম এসব তথ্য নিশ্চিত করেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল থেকে তিনটি জাহাজ বন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে পিভিটি সোলানা নামে একটি জাহাজ মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে সকাল সাড়ে ৯টায় বন্দরের বহির্নোঙরে নোঙর করে। গ্যাস চ্যালেঞ্জার নামে আরেকটি জাহাজ ভারতের ওড়িশা থেকে এলপিজি নিয়ে বেলা ১১টায় পৌঁছায়। মালদ্বীপের মালে বন্দর থেকে এলপিজি নিয়ে মঙ্গলবার সকালে বন্দরে ভিড়েছে পল। এ ছাড়া সোমবার (৩০ মার্চ) রাতে সেনা ৯ নামে একটি জাহাজ ভারত থেকে এলপিজি নিয়ে আসে।
বন্দর সচিব জানান, ডিজেলবাহী জাহাজটি বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরেজে এবং এলপিজি বহনকারী জাহাজগুলো প্যাসেজে অবস্থান করছে।
রিয়েল টাইম ট্র্যাকিং ও বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জ্বালানি নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। প্রাইমা ধর্ম ও চেলসিয়াস গ্যালাপাগোস নামে এলএনজিবাহী এই জাহাজ দুটি ২ ও ৪ এপ্রিল বন্দরে নোঙর করতে পারে।
৩ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। আমদানি করা জ্বালানির মধ্যে রয়েছে ১১ জাহজ এলপিজি, ৮টি করে এলএনজি ও গ্যাস ডিজেল, হাই সালফার ফুয়েল ৫ জাহাজ, বেস অয়েল ২ জাহাজ, কনডেনসেট ও এমইজি ১ জাহাজ করে।