জুলাইয়ে শহীদ সাংবাদিকদের সম্মাননা, পরিবারপ্রতি ১ লাখ টাকা অনুদান

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সাংবাদিকদের স্মরণে ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল। অনুষ্ঠানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবারের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
রোববার (১৯ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া সাংবাদিকদের প্রত্যেক পরিবারকে নগদ ১ লাখ টাকা এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, আন্দোলন তো আমরা বহু করেছি, রক্তও বহু দিয়েছি। আমি তো বলি যে আমরা ৪৬ সাল, তারও আগে ৪০ থেকে। তিতুমীরের সময় থেকেই তো যুদ্ধ হচ্ছিল, লড়াই করছি। তো আমরা এবার দেখি না আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা পৌঁছাতে পারি কি না। আমার এই শেষ বয়সে এটাই দেখতে চাই যে, আলোচনার মাধ্যমে আমরা এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে পরবর্তী প্রজন্মকে অন্তত বলতে পারব তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে আর মারামারি-কাটাকাটি বা প্রাণ দিতে হবে না।
তিনি বলেন, আজকে যারা শহীদ মাতা ও শহীদদের স্ত্রী আছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। মাহমুদুর রহমান ভাইরা উদ্যোগ নিয়েছেন, কাজ করছেন। সরকারের তরফ থেকেও কিছু উদ্যোগ আছে, হয়তো তা অপ্রতুল, তারপরও চেষ্টা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুততার সঙ্গে আরও বেশি করে শহীদ পরিবারের সমস্যাগুলোর সমাধান করা যায় এবং তাদের পাশে দাঁড়ানো যায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভূমিকা ছিল অনন্য। বিশেষ করে মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশের লড়াইয়ে তারা যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা আগামী দিনের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের শীর্ষ নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, বুদ্ধিজীবী এবং শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
.png)






