আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সে নবীনবরণ ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স। বুধবার (১৫ জুলাই) রাজধানীর ঐতিহাসিক জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৪ সালের গ্রেডিং পদ্ধতিতে বিএসসি (সম্মান) ও এমএস পরীক্ষায় উত্তীর্ণ পাঁচটি বিভাগের কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও ‘শেখ সাবিনা শিক্ষাবৃত্তি’ তুলে দেওয়া হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল আহসান। কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, স্কয়ার হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আসমা বেগম শিল্পী এবং আকিজ কলেজের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয়। পরবর্তীতে অতিথি ড্যাসে আমন্ত্রিতদের পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন আয়োজকেরা।
বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিটি দেশের অগ্রগতির মূল মেরুদণ্ড হলো শিক্ষা ও স্বাস্থ্য। তাই কোনো অবস্থাতেই পড়াশোনা থমকে দেওয়া যাবে না। একই সঙ্গে আমাদের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা আখতার বলেন, ‘নিজেকে যোগ্য, আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় শতভাগ মনোযোগী হতে হবে। মেধা, গভীর মনন ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে বিশ্বমঞ্চের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এখন থেকেই নিজেদের তৈরি করতে হবে।’
আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। এতে মনমুগ্ধকর নাচ, গান ও অভিনয়ে অংশ নেন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। তাদের অসাধারণ এই পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
.png)





