গাড়ি বিক্রি করেও বিপদে আগের মালিক, সতর্ক করল বিআরটিএ

গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না করায় অনেক পুরোনো মালিককে বাড়তি কর ও বিভিন্ন আর্থিক দায় বহন করতে হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ পরিস্থিতিতে মোটরযানের মালিকানা দ্রুত হস্তান্তরের আহ্বান জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
বিআরটিএ বলছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই সড়ক ও মহাসড়কে যানবাহন ব্যবহার করছেন। ফলে যানটির নিবন্ধন আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।
এর কারণে বিক্রেতাকে ওই মোটরযানের জন্য নির্ধারিত অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ।
সংস্থাটি জানায়, গ্রাহকসেবা সহজ করতে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে। এখন অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম শেষ করা হচ্ছে।
এছাড়া নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারছেন।
মালিকানা পরিবর্তনের আবেদন বিআরটিএর অনলাইন পোর্টাল bsp.brta.gov.bd-এ জমা দেওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিআরটিএ সংশ্লিষ্ট সকলকে দ্রুত মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।





