Advertisement

অভিবাসন ব্যয় ১৪ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
অভিবাসন ব্যয় ১৪ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিদের বিদেশে যেতে অভিবাসন ব্যয় ১০ থেকে ১৪ লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সিঙ্গাপুরে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসীকে জমিজমা বিক্রি করে বিপুল অর্থ ব্যয় করে বিদেশে আসতে হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় লাখ বাংলাদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মরত রয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৪৭৫ দশমিক ০৩ মিলিয়ন ডলার।

প্রবাসীদের দেশের গর্ব ও শক্তি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তাদের কঠোর পরিশ্রম একদিকে পরিবারের জীবনমান উন্নত করছে, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করছে।

অনুষ্ঠানে তিনি জানান, অভিবাসীদের সেবা ও সমস্যা দ্রুত সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি পৃথক ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করছে।