logo

সৌদি থেকে বিকল্প পথে আসছে ১ লাখ টন তেল

সৌদি থেকে বিকল্প পথে আসছে ১ লাখ টন তেল

জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা কাটাতে এবার নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ। হরমুজ প্রণালীর জটিলতা এড়িয়ে সৌদি আরব থেকে বিকল্প পথে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, লোহিত সাগরসংলগ্ন সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল লোড হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালীর জটিলতায় আটকে আছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় সেটি এখনো বাংলাদেশে আসতে পারেনি। যদিও সম্প্রতি ইরান বাংলাদেশি ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই জাহাজটি সেই তালিকায় নেই।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, নতুন করে আমদানিকৃত তেলসহ দুই জাহাজ মিলিয়ে মোট ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। এসব তেল পরিশোধনের জন্য পাঠানো হবে ইস্টার্ন রিফাইনারিতে।

রিফাইনারি সূত্র অনুযায়ী, ২ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে প্রায় ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৩২ হাজার টন পেট্রোল, ১৬ হাজার টন অকটেন, ৪৮ হাজার টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার টন কেরোসিন উৎপাদন সম্ভব হবে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, হরমুজ প্রণালীর জটিলতা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। অনুমতি মিললেই আটকে থাকা জাহাজটি সরাসরি চট্টগ্রামে পৌঁছাবে।

তিনি আরও জানান, নতুন এই রুট ব্যবহার করে তেল আমদানির ফলে সামরিক বা রাজনৈতিক বাধার ঝুঁকি অনেকটাই কমবে, কারণ ইয়ানবু বন্দর হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত।

বিএসসি সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজি নিয়ে অন্তত ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।