Advertisement

শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে ৭ দিনের ছুটি

এশিয়া পোস্ট নিউজ
শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে ৭ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। সে হিসেবে আজ রোববার (২৪ মে) তাদের শেষ কর্মদিবস।

২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। সেই হিসেবে, ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি, ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত ছিল নির্বাহী আদেশে ছুটি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর ঈদযাত্রা সহজ করতে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপর ২৫ মে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

এ ছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতা বাইরে থাকবে বলে জানায় সরকার।