সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনের লক্ষ্যে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ।
সোমবার (১৩ জুলাই) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চিফ হুইপ মো. নূরুল ইসলাম সংসদে সংবিধান সংশোধনসক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা গৃহীত হয়।
বিশেষ কমিটিতে সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে (কক্সবাজার-১)। তার নেতৃত্বে এ কমিটিতে আরও ১১ জন সদস্য রয়েছেন। তবে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠনের সুযোগ রাখা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম (বরগুনা-২), আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন (বরিশাল-৩), মীর হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (নাটোর-১), সংরক্ষিত নারী আসন-৮ এর সদস্য শাকিলা ফারজানা, মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩)।
কমিটিতে সরকারি দল বিএনপির পাশাপাশি অন্য দলের সংসদ সদস্যের রাখা হয়েছে। তারা হলেন গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাক্ষ্মণবাড়িয়া-৬), বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর (পটুয়াখালী-৩), ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ (বরগুনা-১)।




