logo

মধ্যপ্রাচ্য সংকটে আজও ১৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য সংকটে আজও ১৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের মোট ২৩০টি ফ্লাইট বাতিল হলো।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষে জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে বন্ধ করেছে। এর ফলে বাংলাদেশের ফ্লাইটগুলোও সরাসরি প্রভাবিত হচ্ছে।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি এবং কাতার এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপদ যাত্রা ও সুষ্ঠু সেবা নিশ্চিত করতে এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদেরকে ফ্লাইট বাতিলের বিষয়ে আগেভাগে জানানো হচ্ছে এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।