সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

এশিয়া পোস্ট নিউজ
সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে, তারা শুধু সুপারিশ করবে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে নূরুল ইসলাম বলেন, ওয়াকআউট বিরোধী দলের নীতি, তারা এটা করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, না বুঝেই করেছে। আমার বিশ্বাস তারা বুঝবে। সবাই মিলে সংবিধান সংশোধন করা হবে বলে জানান তিনি।

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল তাদের সদস্যদের নাম দেওয়া মাত্রই যোগ করা হবে বলে জানিয়ে চিফ হুইপ বলেন, বিরোধী দলকে বলতে চাই, তাদের জন্য সব সময় আলোচনার দরজা খোলা। নিশ্চয়ই বিরোধী দল এমন কিছু করবে না, যাতে অন্য কেউ সুযোগ নেয়।

এদিন সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। কমিটির অন্য সদস্যরা হলেন, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটি ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। এতে পাঁচজনের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ করা হলেও তারা কারও নাম দেয়নি। কমিটি গঠনের প্রস্তাবকালে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

চিফ হুইপ এই প্রস্তাব করার পর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, এ বিষয়টা সংসদের প্রথম অধিবেশন থেকেই চলে আসছে। প্রথম অধিবেশনেই এ প্রস্তাব দেওয়া হয়েছিল। সেদিনই বিরোধী দল অবস্থান স্পষ্ট করেছে।