logo

যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি: তারেক রহমান

যারা আমাকে ভোট দেননি, আমি তাদেরও প্রতিনিধি: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা-১৭ আসনের যেসব ভোটার আমাকে নির্বাচিত করে এই আসনের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আমাকে ভোট দেননি, আমি মনে করি, আমি তাদেরও প্রতিনিধি।

বুধবার (১ এপ্রিল) সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের তথ্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আজ বিকেল সাড়ে ৩টায় সংসদ অধিবেশন চলা অবস্থায় তার প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ করা ৩০ মিনিট শুরু হয়েছে। তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে তার বক্তব্য তুলে ধরেন।

এ বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করবে জানিয়ে তারেক রহমান বলেন, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে। ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। একইসঙ্গে ১৭২ জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হবে। 

ইশতেহারে দেওয়া একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য এরই মধ্যে বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে নির্বাচনি ইশতেহারে ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখযোগ্যভাবে অগ্রগতিও হয়েছে। 

খাল খনন কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, আগামী পাঁচ বছরে বিশ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন করা হবে ইনশাআল্লাহ। যা এর মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। 

তিনি বলেন, প্রান্তিক ও নিম্নআয়ের পরিববারগুলোকে—যেখানে দেশের অধিকাংশ পরিবারগুলোই প্রান্তিক বা নিম্ন আয়ের পরিবারের সদস্য—এ পরিবারগুলোকে প্রাথমিক পর্যায়ে তেরোটি জেলায় ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। 

কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানের জন্য সরকার কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মাধ্যমে দেশের আটটি বিভাগের দশটি জেলার এগারোটি উপজেলায় এগারোটি ব্লকে পাইলট টিম কাজ শুরু হয়েছে। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎসখাতে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।