logo

অভিষেক ও স্মৃতির বন্ধনে একসঙ্গে ডাফের সদস্যরা

অভিষেক ও স্মৃতির বন্ধনে একসঙ্গে ডাফের সদস্যরা
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম—ডাফের নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানীর বনানী ক্লাবে। ছবি: এশিয়া পোস্ট

কেউ জেলা প্রশাসক, কেউ পুলিশ সুপার। কেউ যুগ্ম সচিব, কেউ অতিরিক্ত ডিআইজি। কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আবার কেউ করপোরেট জগতে গড়ে তুলেছেন শক্ত অবস্থান। কেউ হয়েছেন শিল্পোদ্যোক্তা।

পেশাগত পরিচয় ও রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পুরোনো বন্ধুত্বে তারা একসঙ্গে। গানের তালে নেচেছেন, ভাগ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়জীবনের নানা স্মৃতি।

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম—ডাফের নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বনানী ক্লাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম (ডাফ)।

রাজধানীর বনানী ক্লাবে সংগঠনটির নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে মিলিত হন সদস্যরা। তাদের কেউ বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার হিসেবে কর্মরত। কেউ পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম সচিব বা অতিরিক্ত ডিআইজি। কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ করপোরেট পেশাজীবী। আবার কেউ গড়ে তুলেছেন নিজস্ব শিল্পকারখানা বা ব্যবসাপ্রতিষ্ঠান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। ঢাকা বিশ্ববিদ্যালয়জীবনের পুরোনো ছবি দেখে স্মৃতিচারণায় মেতে ওঠেন বন্ধুরা।

বিরতির পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এতে তুলে ধরা হয় সংগঠনের নীতিমালা, আর্থিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। উন্মুক্ত আলোচনায় সদস্যরা ডাফের কার্যক্রম এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে মতামত দেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল গান, আবৃত্তি ও নাচ। রাজনীতির মাঠে কেউ কেউ একে অপরের প্রতিপক্ষ হলেও এখানে তারা গানের তালে একসঙ্গে নেচেছেন—বন্ধুত্ব আর পুরোনো স্মৃতির টানে।

নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় ডাফের নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান।

পেশা, ব্যস্ততা আর মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বের বন্ধনে আবারও এক হলেন ডাফের সদস্যরা। তাদের এই আয়োজন হয়ে থাকল পুরোনো সম্পর্ককে নতুন করে উদ্‌যাপনের এক আনন্দঘন উপলক্ষ।