অভিষেক ও স্মৃতির বন্ধনে একসঙ্গে ডাফের সদস্যরা

কেউ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা, কেউ সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র, কেউ বিচারক, কেউ ব্যারিস্টার, কেউ জেলা প্রশাসক, কেউ পুলিশ সুপার। কেউ যুগ্ম সচিব, কেউ অতিরিক্ত ডিআইজি, কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ কলেজ বা বিদ্যালয়ের শিক্ষক। আবার কেউ ব্যাংকার, কেউ করপোরেট জগতে গড়ে তুলেছেন শক্ত অবস্থান। কেউ হয়েছেন শিল্পোদ্যোক্তা। কেউ কেউ ভাগ্যের মারপ্যাঁচে অপেক্ষাকৃত অনগ্রসর।
ধর্ম-বর্ণ, পেশাগত ভিন্নতা ও রাজনৈতিক আদর্শে মতপার্থক্য থাকলেও পুরোনো বন্ধুত্বের টানে তাঁরা একসঙ্গে। গানের তালে তালে নেচেছেন-গেয়েছেন, ভাগ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়জীবনের সুখস্মৃতি।
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম—ডাফের নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বনানী ক্লাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম (ডাফ)।
রাজধানীর বনানী ক্লাবে সংগঠনটির নির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে মিলিত হন সদস্যরা। নিজেদের পরিচিতি, প্রয়াত বন্ধুদের স্মরণ, আলোচনা, শুভেচ্ছা স্মারক প্রদান, নাশতা ও নৈশভোজ ছিল আয়োজনের অন্যতম অনুষঙ্গ।
ডাফের সভাপতি ইকবাল মাহমুদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ডাফের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না।
ডাফের দপ্তর সম্পাদক জেবউননেছার সঞ্চালনায় আর্থিক প্রস্তাবনা তুলে ধরেন ট্রেজারার সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
সবশেষে ডাফের কালচারাল সম্পাদক আশরাফুল আলম রিশির তত্ত্বাবধানে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
