মার্কিনিদের জন্য বাংলাদেশ ভ্রমণ সতর্কতায় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জন্য জারি করা ভ্রমণ সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র। আগে তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায় থেকে বাংলাদেশ ভ্রমণে দ্বিতীয়মাত্রার ‘বাড়তি সতর্কতা’ পালনের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের ভাষ্য, নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আগের তুলনায় আরও নিরাপদ ভ্রমণ গন্তব্য হিসেবে মূল্যায়ন করেছে।
এদিন সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। বৈঠক শেষে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, যা আন্তর্জাতিক মহলেও ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে।
সরকারের মতে, এই সিদ্ধান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার স্বীকৃতি বহন করে।
.png)





