logo

ঢাকা-রিয়াদগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

ঢাকা-রিয়াদগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। ছবি: বিমান বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী বিভিন্ন এয়ারলাইন্সের এখন পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজারের বেশি যাত্রী

বুধবাদ (১৪ অক্টোবর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১০০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট, সালাম এয়ারের ৭টি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৭টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৬টি ও এয়ার ইন্ডিয়ার ২টি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে নিজ নিজ দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী বহন করেনি তারা।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

এ ছাড়া আরও ২৭ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

এর আগে গত (১২ অক্টোবর) রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।