তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি : পিএমও

মালয়েশিয়া সফর শেষ করে তিন দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

Advertisement

সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দালিয়ান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। কুয়ালালামপুর বিমানবন্দরের বুঙ্গা রায়া কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী।

চীন সফরের কর্মসূচি

দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘সামার দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন, যেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। এতে অংশগ্রহণকারী চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম কোনো বিদেশ সফর। গত ২১ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান দেশটির ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান। সেখানে তাঁকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।