দুই আসনে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেলে দুই আসনের ভোটগ্রহণ মনিটর করা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, সুন্দর ও স্মুথ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ড্রোন থেকে শুরু করে সবকিছু ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে এটি মনিটর করা হচ্ছে।
ভোটের সার্বিক পরিস্থিতি তুলে ধরে নাসির উদ্দিন বলেন, পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে। মানুষ নির্বিঘ্নে আসছে এবং ভোট দিচ্ছে। সাধারণত উপনির্বাচনে ভোটার টার্ন আউট কম হওয়ার একটি প্রবণতা থাকে, তবুও দেখা যাক কী হয়।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বির্তক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই প্রশ্ন আজকের ভোটের সঙ্গে প্রাসঙ্গিক নয়। এ ছাড়া বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই এ ব্যাপারে মন্তব্য করতে চাই না।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে বসবে। এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন। আইনের পরিবর্তন হবে কি না এ নিয়ে অপেক্ষায় আছে।