logo
Advertisement

নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া দেশের সব রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

Advertisement

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধা নেই।

তিনি বলেন, বিগত সরকারের সময় কথা বলার অপরাধে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেখান থেকে বেরিয়ে এসেছে।

গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, আগের খসড়াগুলোতে বেশ কিছু অস্পষ্টতা ছিল। সেগুলো যাচাই-বাছাই করে নতুনভাবে সংসদে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার আইনগুলো বাতিল বা আটকে দিচ্ছে—এমন প্রচার করা হয়েছে। তবে প্রকৃত বিষয় হলো, আইনগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে।

সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে বলেও জানান মো. আসাদুজ্জামান। একই সঙ্গে আইনের প্রয়োগে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা ভুক্তভোগী না হন, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।