logo

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ

চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১ হাজার ২০৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন, যা মোট নিহতের ৪০ দশমিক ৮৪ শতাংশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সড়ক ছাড়াও রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত এবং নৌপথে আটটি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলে মোট ৫৯৭টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৬ জনের এবং আহত হয়েছেন ১ হাজার ২৩৮ জন।

নিহতদের মধ্যে ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহন শ্রমিক, আটজন শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ সদস্য এবং চারজন চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩৩ জন এবং সিলেট বিভাগে সর্বনিম্ন ২৮ জন নিহত হয়েছেন। 

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় নীতিগত দুর্বলতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল, অটোরিকশা ও নছিমন-করিমনের নিয়ন্ত্রণহীন চলাচলকে দায়ী করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

দুর্ঘটনা প্রতিরোধে দক্ষ চালক তৈরি, সিসি ক্যামেরা পদ্ধতিতে ট্রাফিক আইন প্রয়োগ, মহাসড়কে সার্ভিস লেন নির্মাণ এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষজ্ঞ টাস্কফোর্স গঠনসহ বেশকিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি।