logo

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাজা কম হয়ে গেছে: আবু সাঈদের বড় ভাই

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাজা কম হয়ে গেছে: আবু সাঈদের বড় ভাই

গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও আন্দোলনের অন্যতম প্রতীক আবু সাঈদ হত্যা মামলার রায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাজা কম হয়ে গেছে বলে মনে করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অসন্তোষ প্রকাশ করেন তিনি।

শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, আশা করেছিলাম এই মামলায় পূর্ণাঙ্গ ন্যায়বিচার পাব। বাংলার মাটিতে আবু সাঈদ হত্যার সঠিক বিচার হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতো। 

কিন্তু আজকের রায়ে রংপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাজা কম হয়ে গেছে। পাশাপাশি রংপুর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়ার ফাঁসির আদেশ হওয়া উচিত ছিল, না হওয়ায় আমরা ব্যথিত। সে আমার ভাই আবু সাঈদকে অনেক মারছে, আমরা পোমেল বড়ুয়ার ফাঁসি চাই।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঘোষিত এই রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং বাকি ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে ১০ বছর, আটজনকে পাঁচ বছর এবং ১১ জনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একজনের হাজতবাসকে সাজার মেয়াদ হিসেবে গণ্য করেছেন ট্রাইব্যুনাল।