logo

হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে রোববার (৮ ফেব্রুয়ারি) চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

এ ছাড়া বিবৃতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলেও দাবি করা হয়। 

অন্তর্বর্তী সরকার জানায়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের বরাতে বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ সর্বমোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারও শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

এ ছাড়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার।