logo

বিমানের দাম্মামগামী ফ্লাইট চালু, রিয়াদ যাবে ২৫ অক্টোবর থেকে

বিমানের দাম্মামগামী ফ্লাইট চালু, রিয়াদ যাবে ২৫ অক্টোবর থেকে
ছবি: বিমান বাংলাদেশের ফেসবুক থেকে নেওয়া

সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট আবার চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইটও পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

এদিকে, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জেদ্দাগামী ফ্লাইটের সময়সূচিও জানিয়েছে বিমান। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট যাবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট গত ১৮ অক্টোবর থেকে স্বাভাবিকভাবে চলাচল করছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটের ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সৌদিগামী ফ্লাইটের সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।