ইরান থেকে ফিরছেন ২৮০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইরানে আটকে পড়া প্রায় ২৮০ জনকে দেশে ফেরানো হচ্ছে। ইরান সীমান্ত পেরিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের ফেরার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরান থেকে ২৮০ জনের মতো বাংলাদেশি শুক্রবার রাত দেড়টায় দেশে ফিরে আসবেন।’
তাদের স্বাগত জানাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে বসে। এর পাল্টায় ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে থাকে।
তাতে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধ। ফ্লাইট চলাচল যাওয়ায় বহু মানুষ আটকা পড়ে। বাংলাদেশেও অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে ফিরতে না পেরে ভোগান্তিতে পড়েন।
এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন থেকে কয়েকটি ফ্লাইটে আটক পড়া বাংলাদেশিদের একটি অংশ ফিরতে পারলেও ইরান থেকে একটি দলকে ফেরানো হচ্ছে এই প্রথম।
এদিকে ১২ দিন পর সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ অবস্থায় ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও বাংলাদেশিকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সূত্র : বিডিনিউজ